চট্টগ্রামে বাসা থেকে সাবেক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
spot_img

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম:চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব মাদারবাড়ির মাঝিরঘাট এলাকার নিজ বাসার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

- Advertisement -

নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তার স্বামীর নাম আবুল কালাম, যিনি আগেই মারা গেছেন। তিনি মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনের একটি বাসায় বসবাস করতেন।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, সন্ধ্যার দিকে বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটিয়ারা। পরে তারা ভেতরে প্রবেশ করে শয়নকক্ষের বিছানায় নুর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে নুর নাহারের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নুর নাহার দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি ব্লাড ক্যানসারে তার বড় ছেলের মৃত্যু হয়। এরপর থেকে তিনি ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন। বুধবার সকালে তার ছেলে কর্মস্থলে চলে যান। অন্যদিকে, তার অন্তঃসত্ত্বা পুত্রবধূ বাবার বাড়িতে থাকায় ঘটনার সময় বাসায় একাই ছিলেন নুর নাহার।

ওসি একরাম উল্লাহ আরও জানান, পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, নুর নাহার ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তবে তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদরঘাট থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ওসি।

সর্বশেষ