ইউক্রেনে রেলস্টেশনে ভয়াবহ হামলা, রুশ ড্রোনে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইউক্রেনের দিনিপ্রো শহরের একটি রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি শিশুও রয়েছে। একই দিনে দেশটির উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুই কিশোরীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এসব হামলার তথ্য জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

আঞ্চলিক প্রশাসনপ্রধান ওলেক্সান্দর হানঝা জানান, দিনিপ্রো শহরের যাত্রীতে পরিপূর্ণ একটি রেলস্টেশন প্ল্যাটফর্মে জেটচালিত ড্রোনটি আঘাত হানে। হামলার সময় প্ল্যাটফর্মের পাশে জাপোরিঝঝিয়াগামী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল বলে জানিয়েছে ইউক্রেনের রেলওয়ে পরিচালনাকারী প্রতিষ্ঠান।

ইউক্রেনের রেলওয়ে প্রধান ওলেক্সান্দর পার্তসভস্কি বলেন, হামলার আগে দিনিপ্রোতে উচ্চমাত্রার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল। তা সত্ত্বেও স্টেশনের প্ল্যাটফর্মে অনেক যাত্রী অবস্থান করছিলেন। ফলে হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

দিনিপ্রোর মেয়র বোরিস ফিলাতভ এ ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, একটি বেসামরিক বৈদ্যুতিক ট্রেনে ড্রোনটি আঘাত হানে। হামলার পরপরই হতাহতদের উদ্ধার ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

অন্যদিকে, ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরের কেন্দ্রস্থলেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আঞ্চলিক প্রশাসনপ্রধান ভিয়াচেস্লাভ চাউস জানান, এ হামলায় ১৫ বছর বয়সী দুই কিশোরী নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১১ জন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।

ইউক্রেনের রেল যোগাযোগব্যবস্থা দীর্ঘদিন ধরেই রুশ হামলার ঝুঁকিতে রয়েছে। দেশটির বিভিন্ন রেললাইন ও স্থাপনায় একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।

সূত্র: বিবিসি

সর্বশেষ