নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ মো. আরিফুল ইসলাম ভূঞা (২১) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। তবে গাড়িতে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, একটি চক্র ফেনী জেলা শহর থেকে প্রাইভেটকারে করে বিদেশি মদের চালান নিয়ে চট্টগ্রাম নগরীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে গত ৩০ আগস্ট সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে নগরীর কোতোয়ালী থানাধীন মমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর একপর্যায়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে একটি প্রাইভেটকারকে আসতে দেখে থামার সংকেত দেয় র্যাব। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা গাড়িটির চালক আরিফুল ইসলাম ভূঞাকে আটক করতে সক্ষম হন। গাড়িতে থাকা অপর ব্যক্তি কৌশলে নেমে পালিয়ে যায়।
পরে প্রাইভেটকারের ভেতর ও পেছনে থাকা আটটি বাদামি রঙের তেলের কার্টন তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ইনটেক বিদেশি মদের ১১৮টি বোতল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, আটক আরিফুল ইসলাম ভূঞা ও পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিলেন।
আটক ব্যক্তি, পলাতক সহযোগী ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।




