ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা নিষিদ্ধ: আলী ফালিহ

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

সৌদি আরবের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালাতে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী ফালিহ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরে গিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

- Advertisement -

ইরাকি বার্তা সংস্থার বরাতে জানা গেছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দেশটির ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী কোনো দেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ইরাক সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিচ্ছে বলেও জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরের পেছনে রয়েছে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনা। গত মাসে দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা চালানো হয়। পরবর্তী সময়ে হামলাটি ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত হয়েছিল বলে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়। এ ঘটনার জেরে সৌদি আরবের তেল রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।

সৌদি আরবের জ্বালানি সরবরাহ ও রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ এই পাইপলাইনটি বর্তমানে আবার চালু হয়েছে। তবে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

এ পরিস্থিতিতে রিয়াদ সফরে গিয়ে সৌদি যুবরাজকে ভবিষ্যতে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে এ ধরনের হামলা ঠেকানোর আশ্বাস দেন আলী ফালিহ। বিশ্লেষকদের মতে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে এই প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ