চট্টগ্রামকে সবুজ নগরী গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণের আহ্বান মেয়র শাহাদাতের

নিজস্ব প্রতিবেদক :
spot_img

মোঃ মোক্তার হোসেন বাবু: চট্টগ্রাম নগরীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে পরিকল্পিত বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নগরের চকবাজার প্যারেড কর্নার টাক শাহ মাজার গেট থেকে চন্দনপুরা এক্সেস রোড মোড় পর্যন্ত সড়কের আইল্যান্ডে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে মেয়র সড়কের আইল্যান্ডে লাগানো বিভিন্ন গাছের চারার বর্তমান অবস্থা এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং সড়কের সৌন্দর্য বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি নগরীকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে সবুজায়নের কোনো বিকল্প নেই। পরিকল্পিত বৃক্ষরোপণ নগরীর প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বায়ুদূষণ কমাতে এবং নাগরিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নগরীর সড়ক বিভাজক, ফুটপাতসংলগ্ন উপযুক্ত স্থান ও অব্যবহৃত খালি জায়গাগুলোকে পরিকল্পিতভাবে সবুজায়নের আওতায় আনতে হবে।

তিনি বলেন, শুধু গাছ লাগিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না; রোপণ করা প্রতিটি চারার বেড়ে ওঠা নিশ্চিত করতে নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে এসব চারা বড় হয়ে উঠলে নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে।

মেয়র আরও বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলা চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নগরীর সৌন্দর্যবর্ধন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের উপযুক্ত স্থানে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা চারার যত্ন নেওয়ার আহ্বান জানান। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে আরও সবুজ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মেয়র বলেন, নগরীর পরিবেশের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে চট্টগ্রাম সিটি করপোরেশনের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। পরিকল্পিত সবুজায়নের মাধ্যমে একটি পরিবেশবান্ধব ও নান্দনিক নগরী গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সর্বশেষ