শিশু হাসপাতালে কক্ষে বসে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজের কক্ষে ধূমপান করতে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসককে বরখাস্ত করার নির্দেশ দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

- Advertisement -

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালন, কর্মপরিবেশ এবং হাসপাতালের পরিচ্ছন্নতার বিষয়েও খোঁজখবর নেন।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসককে ধূমপান করতে দেখেন তিনি। এ ছাড়া কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তাঁর নজরে আসে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে এমন পরিস্থিতি দেখে অসন্তোষ জানান সরকারপ্রধান।

পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশনার পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

হাসপাতাল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি কর্মক্ষেত্রের পরিবেশের প্রতিও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

শিশুদের চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও দায়িত্বশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ