বিয়ে না করার সিদ্ধান্ত একান্তই নিজের, জানালেন সালমান খান

বিনোদন ডেস্ক:
spot_img

বলিউডের সুপারস্টার সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে দীর্ঘ অভিনয়জীবনে একাধিক প্রেমের গুঞ্জন শোনা গেলেও কেন এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি, সেই প্রশ্ন বারবার সামনে এসেছে। এবার জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের প্রথম পর্বে বিয়ে ও সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলিউডের এই ‘ভাইজান’।

- Advertisement -

অনুষ্ঠানের সঞ্চালক ও নির্মাতা করণ জোহরের সঙ্গে আড্ডায় ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং পুরোনো দিনের নানা স্মৃতি নিয়ে কথা বলেন সালমান। এ সময় উঠে আসে করণের অভিষেক সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’-এ সালমানের অভিনয়ের প্রসঙ্গও।

করণ জানান, সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি সালমান। এমনকি চিত্রনাট্যের দ্বিতীয় অংশ বিস্তারিত না জেনেই তিনি অভিনয়ে রাজি হয়েছিলেন। সেই পুরোনো স্মৃতিচারণের মধ্যেই আলোচনায় আসে সালমানের দীর্ঘদিনের অবিবাহিত জীবন।

অনুষ্ঠানে করণ স্মরণ করিয়ে দেন, আমির খান একসময় মজা করে বলেছিলেন, সালমানের হাত-পা বেঁধে হলেও তাঁকে বিয়ে করাবেন। পাল্টা রসিকতায় সালমানও বলেছিলেন, আমিরের হাত-পা বেঁধে তাঁকে আর বিয়ে না করার ব্যবস্থা করবেন। আমির খানের একাধিক বিয়ের প্রসঙ্গও উঠে আসে এই কথোপকথনে।

বন্ধুর ব্যক্তিগত জীবন নিয়ে হাস্যরস করলেও নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট বলেই জানান সালমান। প্রেম কিংবা ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে আলোচনা করতে তাঁর অনীহার কারণও ব্যাখ্যা করেন তিনি।

সালমানের মতে, কোনো সম্পর্কের স্থায়িত্ব সম্পর্কে আগে থেকে নিশ্চিত হওয়া যায় না। আজ যিনি জীবনের অংশ, ভবিষ্যতে তিনি অন্য কাউকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারেন। এ কারণেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না তিনি।

বিয়ে না করার পেছনে কোনো ব্যক্তি বা পরিস্থিতিকে দায়ী করার পক্ষেও নন এই অভিনেতা। নিজের সিদ্ধান্তের বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে সালমান বলেন, তাঁকে কেউ বিয়ে করতে বাধা দেয়নি, তিনিও কাউকে আটকে রাখেননি। বিয়ে না করার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজের এবং এই সিদ্ধান্ত নিয়ে তিনি সন্তুষ্ট।

তবে অবিবাহিত থাকলেও সন্তান নেওয়ার বিষয়ে আগ্রহের ইঙ্গিত দিয়েছেন সালমান। তাঁর কথায়, ‘কেউ আমাকে আটকায়নি, আমিও কাউকে আটকাইনি। এটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তে আমি খুশি। তবে হ্যাঁ, সন্তান তো আসবেই!’

সালমানের এই মন্তব্য নতুন করে তাঁর বিয়ে ও পরিবার নিয়ে ভক্তদের আগ্রহ বাড়িয়েছে। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখা এই তারকার কাছে বিয়ের চেয়ে নিজের পছন্দ ও সিদ্ধান্তই যে বেশি গুরুত্বপূর্ণ, আলোচনায় তাঁর বক্তব্য থেকে সেই ইঙ্গিতই মিলেছে।

সর্বশেষ