পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে চলছে আলোচনা: প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক :
spot_img

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে জানিয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পাহাড়ের সব সমস্যা একসঙ্গে কিংবা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। প্রশাসনিক কিছু জটিলতা দ্রুত নিরসন করা গেলেও রাজনৈতিক সমস্যার সমাধানে আলোচনা ও সময়ের প্রয়োজন। তবে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং শিগগিরই ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, যেখানেই সমস্যা রয়েছে, সেখানেই সমাধানের পথও রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের ভাবনা ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সবচেয়ে বেশি দেখা যায়। এ অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কোনো বিষয়ে সন্দেহ কিংবা অসংগতি দেখা দিলে তা এড়িয়ে না গিয়ে দ্রুত স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পার্বত্য জেলা পরিষদ অথবা বিএনপির স্থানীয় নেতাদের জানাতে হবে। মিথ্যা তথ্যের ফাঁদে পড়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না দেয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।

ধর্মীয় উৎসব উদ্‌যাপনে সরকারি সহায়তা বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি দিকনির্দেশনায় এবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারি বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে কঠিন চীবরদান, প্রবারণা পূর্ণিমাসহ অন্যান্য ধর্মীয় উৎসব পালনের জন্যও বরাদ্দ বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবে আরও বেশি অর্জনের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করেন। তাঁর আদর্শ ও দর্শন অনুসরণ করে স্বনির্ভর জাতি গঠন এবং বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করাই তাঁদের লক্ষ্য।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে জেলার ৪৭টি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের হাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোট ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রতিমন্ত্রী। পরে তিনি রাঙামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

সর্বশেষ