ইয়েমেনে সৌদির বিমান হামলা, নিহত ১২ জনের মধ্যে তিন শিশু

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইয়েমেনে সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। এসব হামলায় নারী-শিশুসহ আরও বহু মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্বেগ তৈরি হয়েছে।

- Advertisement -

সিবিএস নিউজের বরাতে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) ইয়েমেনের তাইজ প্রদেশে বেসামরিক মানুষের বসতবাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৯ জন নিহত এবং ১৬ জন আহত হন। হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে রাতভর ধামার প্রদেশে চালানো হামলায় তিন শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

হুতি বিদ্রোহীদের অভিযোগ, সৌদি বাহিনীর এসব হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। সংঘাতের একদিকে রয়েছে হুতি বিদ্রোহীরা, অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এই সংঘাতের জেরে দেশটিতে বারবার বিমান হামলা ও পাল্টাপাল্টি সামরিক অভিযান চালানো হয়েছে। এতে বেসামরিক মানুষের প্রাণহানি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: সিবিএস নিউজ

সর্বশেষ