চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করেছে গোয়েন্দা সংস্থা ও কাস্টমস ইন্টেলিজেন্স। এ ঘটনায় আবুধাবি থেকে আসা মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।
রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৫০ ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান কামরুল ইসলাম।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, কাস্টমস হলে ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় যাত্রীকে সন্দেহজনক হিসেবে শনাক্ত করা হয়। পরে বিমানবন্দরে দায়িত্ব পালনরত ডিজিএফআই, এনএসআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তার ব্যাগেজ তল্লাশি করা হয়।
তল্লাশিতে নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো চারটি স্বর্ণের দণ্ড উদ্ধার করা হয়। এসব দণ্ডের মোট ওজন ৪৬৬ গ্রাম। এ ছাড়া ওই যাত্রীর কাছ থেকে ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চুড়িও পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ করা স্বর্ণের পরিমাণ ৫৬৬ গ্রাম।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। চালানের পরিমাণ ও মূল্য নির্ধারণের পর জব্দ করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্বর্ণ পরিবহণের ঘটনায় গ্রেপ্তার যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে। পরে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ কামরুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

