ভালো কাজের জন্য অর্থ নয়, সবচেয়ে জরুরি সদিচ্ছা: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

মানুষের কল্যাণে কাজ করতে অর্থ বা সামর্থ্যের চেয়ে সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক উদ্যোগের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে সচ্ছলতা ও স্বনির্ভরতা প্রতিষ্ঠা করা সম্ভব।

- Advertisement -

রোববার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভালো কাজ করার ক্ষেত্রে অর্থ বা সামর্থ্য সব সময় প্রধান বিষয় নয়। সবচেয়ে বেশি প্রয়োজন আন্তরিক ইচ্ছা ও মানুষের জন্য কিছু করার মানসিকতা। সংগঠনের প্রত্যেক সদস্যের মধ্যে মানুষের উপকার করার সেই ইচ্ছা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, যত দিন সুস্থ ও সক্ষম থাকা যাবে, তত দিন মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে কাজ করে যেতে হবে। একটি উদ্যোগ ও সামান্য প্রচেষ্টাও মানুষের জীবনে সচ্ছলতা ফিরিয়ে আনতে এবং স্বনির্ভরতা অর্জনে ভূমিকা রাখতে পারে।

২৭ বছর ধরে জনকল্যাণে জেডআরএফ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের দীর্ঘ পথচলার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে সংগঠনটির সদস্যরা মানুষের কল্যাণে কাজ করে আসছেন। শিক্ষা, কৃষি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে ফাউন্ডেশন অবদান রাখার চেষ্টা করেছে।

তিনি বলেন, রাজনীতির বাইরেও মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখার অনেক সুযোগ রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী উদ্যোগগুলোকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়েছিল।

জিয়াউর রহমানের উন্নয়ন উদ্যোগ এগিয়ে নেওয়ার আহ্বান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের মতপ্রকাশের অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি কৃষি, শিল্প, শিক্ষা, নারীর স্বাবলম্বিতা এবং পরিবেশ সংরক্ষণেও তিনি গুরুত্ব দিয়েছিলেন।

তারেক রহমান বলেন, ফাউন্ডেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে এসব ক্ষেত্রে জিয়াউর রহমানের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাকে নিজস্ব অবস্থান থেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার বক্তব্য দেন। এ সময় মন্ত্রিসভার সদস্য এবং ফাউন্ডেশনের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তারেক রহমান মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৯৯ সালে যাত্রা শুরু করা জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

সর্বশেষ