সাময়িক বিরতির পর ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের শহরগুলোকে সুরক্ষিত রাখতে আবারও গোয়েন্দা তথ্য সরবরাহ শুরু করেছে যুক্তরাষ্ট্র। সাময়িক বিরতির পর ওয়াশিংটনের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

- Advertisement -

রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এ তথ্য জানান। এ সময় তিনি ইউক্রেনকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান কিছু সময়ের জন্য বন্ধ ছিল। তবে পরবর্তী সময়ে তা আবার চালু হয়েছে। রাশিয়ার হামলা মোকাবিলা এবং দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এ সহযোগিতা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের বিভিন্ন শহরে দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এসব ক্ষেপণাস্ত্রের গতিপথ ও সম্ভাব্য হামলার বিষয়ে আগাম তথ্য পাওয়া গেলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ দ্রুত সতর্কতা জারি করতে পারে। এতে বেসামরিক মানুষের জীবন রক্ষার পাশাপাশি প্রতিরক্ষাব্যবস্থা প্রস্তুত করার সুযোগ তৈরি হয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। তবে ইউক্রেনের কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, কিছু রুশ হামলার আগে তাঁরা প্রয়োজনীয় সতর্কবার্তা পাননি।

গোয়েন্দা তথ্য আদান-প্রদান পুনরায় শুরু হওয়ার বিষয়টি এমন এক সময়ে সামনে এল, যখন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করা কিয়েভের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহযোগিতা পুনরায় চালু হওয়ায় রুশ হামলার বিষয়ে আগাম সতর্কতা পাওয়ার ক্ষেত্রে ইউক্রেনের সক্ষমতা বাড়তে পারে। তবে এই সহযোগিতার পরিধি ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি জেলেনস্কি।

সূত্র: রয়টার্স

সর্বশেষ