কুমিল্লার কিশোরী তাজমিনের মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলা। এ মামলায় কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৯ অক্টোবর) কক্সবাজারের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইরফানুল হক এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আইনজীবী মোহাম্মদ রাশেদের আবেদনের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন আদালত। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সদর থানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে এবং রাজুকে এ মামলায় গ্রেপ্তার দেখায়। এ মামলার বাদী আইনজীবী মোহাম্মদ রাশেদ।
তাজমিনের মৃত্যুর পর গত ১১ অক্টোবর কথিত প্রেমিক রাজুকে আটক করে কক্সবাজার সদর থানা পুলিশ। পরে তাকে নিতে কুমিল্লা থেকে জেলা পুলিশ ও লালমাই থানার একটি দল কক্সবাজারে গেলেও তারা রাজুকে নিজেদের হেফাজতে নেয়নি। এরপর ১২ অক্টোবর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজুকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পরবর্তী সময়ে গত ১৬ অক্টোবর ঘটনাটিকে কেন্দ্র করে স্বপ্রণোদিতভাবে আইনি পদক্ষেপ নেন আইনজীবী মোহাম্মদ রাশেদ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা আবেদনের ভিত্তিতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার জন্য কক্সবাজার সদর থানাকে নির্দেশ দেন আদালত। সেই মামলাতেই এবার রাজুর তিন দিনের রিমান্ড মঞ্জুর হলো।
আইনজীবী মোহাম্মদ রাশেদের অভিযোগ, রাজু তাজমিনকে মিথ্যা তথ্য দিয়ে ভালোবাসার অভিনয় করে কক্সবাজারে নিয়ে আসেন এবং তাকে ধর্ষণ করেন। তিনি বলেন, রাজু তাজমিনকে কক্সবাজারে না আনলে কুমিল্লা যাওয়ার পথে এমন ঘটনা ঘটত না।
তাজমিনের মৃত্যুকে ঘিরে দায়ের করা এ মামলায় রাজুর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে আসামিকে দোষী হিসেবে গণ্য করার সুযোগ নেই।

