ইরান ও মিত্রদের হামলার আশঙ্কা, সৌদিসহ তিন দেশে মার্কিন সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যেকোনো সময় হামলা জোরদার করতে পারে—এমন আশঙ্কা থেকে দেশ তিনটিতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো পৃথক নিরাপত্তা বার্তা জারি করেছে।

- Advertisement -

সতর্কবার্তায় সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্নের মতো পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চলমান সংঘাত দ্রুত বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছে দূতাবাসগুলো।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড ও আনাদোলু এজেন্সি।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় এ সতর্কতা জারি করা হয়েছে। হুতিদের সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় নিয়ে মার্কিন নাগরিকদের সতর্ক অবস্থানে থাকতে এবং ভ্রমণ পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সতর্কবার্তায় সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হুতিদের অতীত হামলার বিষয়টিও তুলে ধরা হয়েছে। দূতাবাসগুলোর আশঙ্কা, পরিস্থিতির অবনতি হলে গোষ্ঠীটি দ্রুত হামলার পরিধি বাড়াতে পারে।

অন্যদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাস জটিল নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে জানিয়েছে, ইরানের সমর্থনপুষ্ট হুতি গোষ্ঠী সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে।

এ ধরনের হামলায় প্রাণহানি ও হতাহতের ঝুঁকি তৈরির পাশাপাশি বিমান চলাচল এবং সামগ্রিক ভ্রমণব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, চলমান সংঘাত বর্তমান এলাকাটির সীমানা ছাড়িয়ে অন্যত্রও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ও ওই অঞ্চলে যাতায়াতের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের বিমানবন্দর এবং সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সর্বশেষ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল কিংবা আকাশসীমা বন্ধের কথা মাথায় রেখে বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ইরান ও দেশটির সমর্থক গোষ্ঠীগুলো বিভিন্ন দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করতে পারে। এর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনাও রয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে মার্কিন নাগরিকদের দেশটির পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরোর সরকারি ভ্রমণবিষয়ক ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আরও হামলার হুমকি দিয়ে আসছে। হুতিদের অবস্থান লক্ষ্য করে জোটের বিমান হামলাও অব্যাহত রয়েছে, যার মধ্যে ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন স্থাপনা রয়েছে।

এই সংঘাতের প্রভাব আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ