আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক :
spot_img

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে পাড়ায় পাড়ায় পাহারা বসিয়ে যেকোনো অপতৎপরতা প্রতিহত করার নির্দেশনা দিয়েছেন তিনি।

- Advertisement -

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। স্থানীয় বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

বক্তব্যে রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসররা যেন কোনোভাবেই এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দলের প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য পাড়ায় পাড়ায় পাহারার ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও ও বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাদের যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে বলে জানান তিনি।

সেলিমুজ্জামান আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু।

এ সময় আরও বক্তব্য দেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, পরিতোষ সরকার ও ইবাদত মাতুব্বর, সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু মোল্যা, সাহিদুল ইসলাম মুন্সী, তবিবুর রহমান ফাকেরসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ