আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা হাজি নজর-উর-রহমান ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ নভেম্বর) ৯৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পাকিস্তানের ধর্মীয় অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাওলানা হাজি নজর-উর-রহমান ২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ওই বছর তৎকালীন আমির মাওলানা হাজি আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি দাওয়াত ও তাবলিগের কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯২৯ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাবলিগ জামাতের প্রাথমিক সময়ের প্রবীণ সাথিদের একজন হিসেবে পরিচিত ছিলেন মাওলানা নজর-উর-রহমান। জীবনের দীর্ঘ সময় তিনি দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে ব্যয় করেন। পাকিস্তানের রায়উইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে ধর্মীয় শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও অবদান রাখেন।
তার ইন্তেকালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নজর-উর-রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এ ছাড়া পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফি এবং বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা তারিক জামিলও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সোমবার রাতে পাকিস্তানের রায়উইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

