ছেলের দাফনের আগেই মায়ের মৃত্যু, একই কবরস্থানে দুজনের ঠিকানা

সিরাজগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

প্রতিকি ছবি

- Advertisement -

সিরাজগঞ্জের রায়গঞ্জে ছেলের মৃত্যুর পরপরই মারা গেছেন মা। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার কিছুক্ষণ পর মায়ের মৃত্যু হয়। পরে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে মা ও ছেলেকে। এক ঘণ্টার ব্যবধানে পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মা-ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারটির পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে সাইফুল সরকার (৫৯) মঙ্গলবার সকাল ৮টার দিকে মারা যান। তাঁর মৃত্যুর খবরে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়। পরে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাঁর মরদেহ দাফনের প্রস্তুতি নেন।

দুপুর ১টার দিকে সাইফুলের মরদেহ বাড়ি থেকে স্থানীয় কবরস্থানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর, দুপুর সোয়া ১টার দিকে মারা যান তাঁর মা তারা বানু (৭৭)। ছেলের মৃত্যুতে শোক সইতে না পেরেই মায়ের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলেকে হারিয়ে পরিবারে শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।

ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে তাঁদের পাশাপাশি দাফন করা হয়েছে।

একই দিনে মা-ছেলের এমন মৃত্যুতে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে।

সর্বশেষ