আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধিবিষয়ক সম্মেলনের (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সম্মেলনকক্ষ ত্যাগ করেছে বাংলাদেশের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইসরায়েলি প্রেসিডেন্ট বক্তব্য শুরু করলে বাংলাদেশের প্রতিনিধি দল ওয়াকআউট করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা এ সময় সম্মেলনকক্ষ ছেড়ে বেরিয়ে যান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাকু থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে সম্মেলনকক্ষ ত্যাগ করেন। এ পদক্ষেপের মাধ্যমে তাঁরা বক্তব্যের সময় নিজেদের অবস্থান জানান দেন।
এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার, নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে সিকা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবারের সপ্তম সম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নিরাপত্তা পরিস্থিতি এবং আস্থা তৈরির উদ্যোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে।
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধি দলের সম্মেলনকক্ষ ত্যাগের ঘটনা সম্মেলনে অংশ নেওয়া কয়েকটি দেশের অবস্থানকে সামনে নিয়ে এসেছে।

