কালীগঞ্জে গাড়িচাপায় বিএনপি নেতা ও এসআই নিহত, আহত ২ পুলিশ সদস্য

গাজীপুর প্রতিনিধি:
spot_img

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আসামি আটকের অভিযান শেষে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্থানীয় বিএনপির এক নেতা ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তাঁদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে পুলিশের আরও এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্রমিক কলেজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮)। স্থানীয়ভাবে তিনি রফিক মোল্লা নামে পরিচিত। তিনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। নিহত পুলিশ কর্মকর্তার নাম এসআই মো. মিজানুর রহমান। দুর্ঘটনায় আহত দুই পুলিশ সদস্য হলেন এসআই জাবেদ ওমর ও কনস্টেবল মো. রাব্বি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় ৩টার দিকে কালীগঞ্জের মাধক্ষার বাড়ি এলাকায় ওহিদ মোল্লা নামের এক ব্যক্তিকে আটক করতে অভিযান চালায় পুলিশের একটি দল। তাঁকে আটক করে থানায় ফেরার পথে পুলিশ সদস্যরা শ্রমিক কলেজের সামনে পৌঁছান। সেখানে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমানসহ অন্য পুলিশ সদস্যরা।

এ সময় দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত হন। গুরুতর আহত হন পুলিশের তিন সদস্য।

পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমান মারা যান।

এদিকে, দুর্ঘটনার পর পুলিশের হাতে আটক ওহিদ মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তিনি কীভাবে পালিয়ে গেছেন, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িটি শনাক্ত করা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ