যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত দেড় হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা ও গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত চারজন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গাজা সিটিতে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে অন্তত একজন নিহত হন। এর আগে চিকিৎসাকর্মীরা এ ঘটনায় দুজনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। হামলার পর গাড়িটিতে আগুন ধরে যায়। পরে জরুরি সেবাকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন।
এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে সাইকেলে থাকা এক ফিলিস্তিনি এবং মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে আরও একজন নিহত হন। অন্যদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, খান ইউনিস, নুসেইরাত ও গাজা সিটিতে হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তবে জাবালিয়ায় এক নারী নিহত হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে বাহিনীটি।
ইসরায়েলের অভিযোগ, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় অস্ত্র সংগ্রহ করছে এবং নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। এ কারণেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামাসের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে হামাস এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, গাজায় শান্তি প্রতিষ্ঠার চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তিতে গাজা পুনর্গঠনের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই পক্ষের মতপার্থক্য রয়ে গেছে। ফলে চুক্তি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় দেড় হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বিপরীতে, একই সময়ে তাদের চার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই দিন হামাসের নেতৃত্বে যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালালে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন।
সূত্র: রয়টার্স

