সৌদির আকাশে ১২ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে লক্ষ্য করে ছোড়া ১১টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

- Advertisement -

জোটের দাবি অনুযায়ী, রাজধানী রিয়াদ, পবিত্র নগরী মদিনা, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং দেশের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ড্রোনগুলো পাঠানো হয়েছিল। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, রিয়াদ ও মদিনার আকাশে চারটি ড্রোন, রিয়াদের ওপর আরও একটি, পূর্বাঞ্চলীয় প্রদেশে চারটি এবং দক্ষিণাঞ্চলে দুটি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। সব মিলিয়ে ১১টি ড্রোন ধ্বংসের দাবি করেছে জোটটি।

তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পাশাপাশি সেগুলো প্রতিহত করার সময় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা-ও স্পষ্ট করেনি সামরিক জোট।

এর আগে বুধবার সৌদি আরবে ড্রোন হামলার চেষ্টার ঘটনা ঘটে। সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি অ্যারামকোর একটি স্থাপনা এবং দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলার প্রচেষ্টা প্রতিহত করার পর ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে চারজন নিহত হওয়ার খবর জানায় রিয়াদ।

ওই দিনও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আরও সাতটি ড্রোন ধ্বংস করার দাবি করেছিল। ধারাবাহিক এসব ঘটনার ফলে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ