জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ, বৈঠক তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
spot_img

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করা, নতুন প্রকল্প বাস্তবায়ন, সহজ শর্তে ঋণসহায়তা অব্যাহত রাখা এবং কারিগরি সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

- Advertisement -

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেইসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে সাক্ষাতের বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের জুলাইয়ে জাইকার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় ঢাকায় অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার কথা স্মরণ করেন। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নে জাপান ও জাইকার দীর্ঘদিনের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি উন্নয়ন ও সমৃদ্ধির পথে একসঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্ব দেন।

বৈঠকে জাপানের সহায়তায় চলমান বড় উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন দ্রুত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বাংলাদেশের বর্তমান উন্নয়ন চাহিদার কথা বিবেচনায় নিয়ে জাপানের কাছ থেকে সহজ শর্তে ঋণসহায়তা অব্যাহত রাখার পাশাপাশি কারিগরি সহায়তা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ-জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব জোরদার, প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা এবং কৃষির আধুনিকায়নে সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাব দেয় বাংলাদেশ। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতেও দুই দেশের যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গত বছরের মতো বাজেট সহায়তা দেওয়ার অনুরোধ জানানো হয়। জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, উন্নয়ন সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও দক্ষতা বৃদ্ধির এসব উদ্যোগ বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে দুই দেশের জনগণের কল্যাণ ও অভিন্ন সমৃদ্ধি অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সর্বশেষ