টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমি দেশ ছেড়েছেন বলে জানা গেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে তাঁর পরিবারের সূত্রে এ তথ্য জানা যায়।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শাহজালাল রুমি বর্তমানে বাংলাদেশে নেই। তবে তিনি কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে এ ঘটনা নিয়ে তিনি আর ভাবছেন না বলেও পরিবারের সূত্রে জানা গেছে। দেশবাসীর প্রতি ভালো থাকার শুভকামনাও জানিয়েছেন তিনি।
এর আগে ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে শাহজালাল রুমি বলেছিলেন, একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন।
ঘটনার সূত্রপাত গত ২১ অক্টোবর। ওই দিন গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন শিশুটির বাবা শাহজালাল রুমি।
পরে অভিযুক্ত শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পর শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন। অন্যদিকে, মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকেও তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় রুমির বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
পাল্টা মামলা দায়েরের পর থেকে শাহজালাল রুমিকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। এরই মধ্যে তাঁর দেশ ছাড়ার খবর সামনে এলো। তবে তিনি ঠিক কবে দেশ ছেড়েছেন, কী কারণে বিদেশে গেছেন এবং বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

