মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

নিজস্ব প্রতিবেদক :
spot_img

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তার এবং ইসরাইলের সামরিক আগ্রাসন প্রতিহত করতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (২৬ অক্টোবর) তেহরানে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ আহ্বান জানান।

- Advertisement -

বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে আলোচনায় পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক উন্নয়ন জোরদারে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে।

বৈঠকে গাজা, লেবানন ও ইরানে ইসরাইলের সামরিক হামলার কঠোর সমালোচনা করেন ইরানি প্রেসিডেন্ট। তাঁর মতে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশগুলোকে সম্মিলিত অবস্থান নিতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমেই এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে তিনি মনে করেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও বৈঠকে বক্তব্য দেন পেজেশকিয়ান। তিনি দাবি করেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। একই সঙ্গে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কার্যক্রম পরিচালনার অধিকার ইরানের রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, ওয়াশিংটন একদিকে কূটনীতি ও আলোচনার কথা বলছে, অন্যদিকে ইরান এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রের এমন অবস্থান পরস্পরবিরোধী এবং দ্বিমুখী নীতির প্রতিফলন।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে পেজেশকিয়ানের এ আহ্বান আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের গুরুত্বকে সামনে এনেছে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ