দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল শিল্প খাতকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিভিন্ন কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে শফিকুর রহমান উল্লেখ করেন, পোশাকশিল্পে চলমান অস্থিরতা এখনো কাটেনি। দেশের বিভিন্ন স্থানে শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে মালিক কিংবা শ্রমিক কেউই নিজেদের ন্যায্য দাবি আদায় করতে পারবেন না। কোনো প্রকৃত শ্রমিক এমন কর্মকাণ্ডে জড়িত থাকবেন বলেও তিনি বিশ্বাস করেন না।
জামায়াত আমিরের মতে, একটি চক্র পরিস্থিতিকে উসকে দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাত পোশাকশিল্পকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী ব্যক্তিদের এমন তৎপরতা প্রতিহত করতে সরকারকে কার্যকর ও কঠোর ভূমিকা পালন করতে হবে।
পোস্টে তিনি আরও জানান, চলমান পরিস্থিতিতে ইতোমধ্যে প্রায় ৬০০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে এ শিল্পে যখন নতুন সম্ভাবনা তৈরি হওয়ার কথা, তখন একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়াকে উদ্বেগজনক হিসেবে দেখছেন তিনি।
শফিকুর রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, পোশাকশিল্পের সম্ভাবনাকে নষ্ট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ অবস্থায় শিল্পের স্বাভাবিক উৎপাদন ও কর্মসংস্থান বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি পোশাকশিল্পের মালিক, শ্রমিক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। একই সঙ্গে মতপার্থক্য ও শ্রমিক অসন্তোষ আলোচনার মাধ্যমে সমাধান করে শিল্পপ্রতিষ্ঠান রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

