নেতানিয়াহুর আর এক মুহূর্তও ক্ষমতায় থাকা উচিত নয়: আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধী নেতা ও সম্ভাব্য প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট। তাঁর দাবি, নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর আর এক মুহূর্তও সরকারপ্রধানের দায়িত্বে থাকা উচিত নয়।

- Advertisement -

এক বিবৃতিতে আইজেনকোট এসব মন্তব্য করেন। একই সঙ্গে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগগুলো নিয়ে অবিলম্বে তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকোট। রোববার (১৫ নভেম্বর) নেতানিয়াহুর প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে তাঁর আলোচনা হয়। তবে আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অবস্থান জানান তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন আরব-নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক এক কর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযোগ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এরপর প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রাআমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোট কেনাবেচার অভিযোগে তাঁদের আটক করা হলেও পুলিশের তদন্তে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরে তাঁদের মুক্তি দেওয়া হয়।

নির্বাচনের দিনও আরব-নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন নেতানিয়াহু। দলগুলো নির্বাচনে রেকর্ড ১৯টি আসন পাওয়ার পর ভোটে জালিয়াতির অভিযোগ তোলেন তিনি। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি।

চ্যানেল-১২-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচনের দিন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সেই আবেদন প্রত্যাখ্যান করে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক সেনাপ্রধান আইজেনকোট পুলিশ ও শিন বেতের কাছে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন। পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে নেতানিয়াহুর দল লিকুদ আইজেনকোটের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাঁর মন্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উসকানিমূলক হিসেবে অভিহিত করেছে দলটি।

এদিকে জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে নেতানিয়াহু শনিবারও আইজেনকোটকে আলোচনার আহ্বান জানিয়েছিলেন। তবে সেই প্রস্তাবকে ‘ব্লাফ’ বলে আখ্যা দিয়েছেন বিরোধী নেতা। যদিও দুই পক্ষের মধ্যে সরকার গঠন নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

উল্লেখ্য, ইসরায়েলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন এখন পর্যন্ত কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি। ফলে নতুন সরকার গঠন নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র: আল জাজিরা ও এএফপি।

সর্বশেষ