ইরানের হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে নিরাপত্তা অবহেলার অভিযোগ উঠেছে। হামলার আগে সেনাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক করা হলেও তা আমলে নেওয়া হয়নি বলে দাবি করেছেন হামলায় আহত এক মার্কিন সেনা কর্মকর্তা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের হাতে আসা অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর মেজর স্টিফেন রামসবটম গত সপ্তাহে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন। এর আগে সিবিএস নিউজও ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
রোববার সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রামসবটম বলেন, গত ১ মার্চ কুয়েতে ইরানের হামলাটি ছিল সেনাবাহিনী, সামরিক নেতৃত্ব এবং তাঁর নিজের জন্যও একটি বড় কৌশলগত ব্যর্থতা। হামলা মোকাবিলায় যথাযথ পরিকল্পনার ঘাটতি ছিল উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনা থেকে সামরিক বাহিনীর শিক্ষা নেওয়া জরুরি।
চলতি বছরের মার্চে কুয়েতের শুয়াইবা বন্দরে অবস্থিত একটি অস্থায়ী সামরিক পরিচালনাকেন্দ্রে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর নিহত প্রথম মার্কিন সেনাসদস্য ছিলেন তাঁরা। ওই হামলায় কয়েক ডজন সেনা আহত হন, যাঁদের মধ্যে মেজর রামসবটমও ছিলেন।
রামসবটমের অভিযোগ, আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে সেনাদের রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকার বিষয়টি তিনি একাধিক বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলেন। কিন্তু তাঁর উদ্বেগকে গুরুত্ব না দিয়ে বলা হয়েছিল, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
তিনি আরও জানান, পরে ওই স্থাপনায় ড্রোন প্রতিরোধব্যবস্থা পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও সেটি শেষ পর্যন্ত পৌঁছায়নি। এমনকি প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হামলার সময় সামরিক স্থাপনাটিতে কোনো চিকিৎসক কিংবা স্থায়ী চিকিৎসাকেন্দ্র ছিল না। জরুরি চিকিৎসাসেবার জন্য সেখানে মাত্র একটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছিল।
সিএনএনের একটি সূত্র জানিয়েছে, স্থাপনাটির চারপাশে কংক্রিটের প্রতিবন্ধকতা থাকলেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর কার্যকর ব্যবস্থা ছিল না। এমনকি হামলার আগে সেনাদের সতর্ক করতে কোনো সাইরেনও বাজানো হয়নি।
তবে হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, সামরিক স্থাপনাটি সুরক্ষিত ছিল। যদিও একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে সেখানে আঘাত হেনেছিল বলে স্বীকার করেন তিনি।
এ ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে গোপনীয় ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। পাশাপাশি শুয়াইবা বন্দরের সামরিক স্থাপনার নিরাপত্তা নিয়ে করা সব মূল্যায়ন প্রতিবেদনও চেয়েছেন তিনি।
অন্যদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করার প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। ফলে কুয়েতে ছয় মার্কিন সেনার প্রাণহানির ঘটনায় নিরাপত্তা ঘাটতির অভিযোগ যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্ব ও প্রশাসনের ওপর নতুন করে চাপ তৈরি করতে পারে।
সূত্র: সিএনএন ও সিবিএস নিউজ।

