ইরানের মিনাব শহরে একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুদের প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী করেছে তেহরান। ওই দুই কর্মকর্তাকে খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’
ইরানি দূতাবাসের ওই পোস্টে মার্কিন নৌবাহিনীর কমান্ডার লেই আর টেট এবং লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্কের নাম উল্লেখ করা হয়েছে। তারা দুজনই ইউএসএস স্প্রুয়্যান্স যুদ্ধজাহাজে দায়িত্ব পালন করেন। টেট জাহাজটির কমান্ডার এবং ইয়র্ক নির্বাহী কর্মকর্তা।
দূতাবাসটি গত ২৯ মার্চের একটি পুরোনো পোস্ট পুনরায় শেয়ার করে তাদের অপরাধী হিসেবে আখ্যায়িত করেছে। ওই পোস্টে অভিযোগ করা হয়, মিনাব শহরের একটি স্কুলে তিন দফা টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন এই দুই কর্মকর্তা। এতে ১৬৮ নিরপরাধ শিশুর মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়। একই সঙ্গে প্রশ্ন তোলা হয়, ‘তাদের কি নিজেদের সন্তান নেই?’
গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর সময় মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ স্কুলে অন্তত একটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই হামলায় বহু শিক্ষার্থী নিহত হয়। প্রতিবেদনে অন্তত ১৫৬ জন নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে ১২৩ জন শিশু।
এদিকে ইরানের পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সতর্কবার্তার এক দিন পর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করা হলে ইরানের অস্তিত্ব বেশিদিন টিকবে না। তেহরানকে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সতর্কও করেন তিনি।
অন্যদিকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা মৃত্যুর হুমকির পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নিরাপত্তার কারণে ওয়াশিংটন এলাকার নিজ বাসা থেকে সরিয়ে একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট জানান, মার্কিন সিক্রেট সার্ভিসের পরামর্শে তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে বেসেন্ট বলেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক সদস্যরা এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিত মৃত্যুর হুমকির মুখে থাকলে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই।
মিনাব স্কুলে হামলার ঘটনা এবং তা ঘিরে ইরানের নতুন হুমকিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: ফক্স নিউজ

