সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশীয় শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে সংসদ সদস্যদের সম্মতিতে তা পাস হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশনে বিলটি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিলটি পাসের আগে বিরোধীদলীয় বেশ কয়েকজন সংসদ সদস্য এর ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব দেন। তাদের মধ্যে ছিলেন নোয়াখালী-৬ আসনের আবদুল হান্নান মাসউদ, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, পটুয়াখালী-২ আসনের শফিকুল ইসলাম, ময়মনসিংহ-৬ আসনের কামরুল হাসান, পাবনা-৩ আসনের এম আলী আসগর, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মুজিবুর রহমান ইকবালসহ অন্যরা।
বিরোধী সদস্যদের উত্থাপিত সংশোধনী প্রস্তাবের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন আইনের লক্ষ্য বিশেষ কোনো ব্যক্তিকে সুবিধা দেওয়া নয়। বরং সরকারি ক্রয়ে এতদিন যারা অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তাদের জন্য সমান সুযোগ তৈরি করা। তবে বঞ্চিত হলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে বিশেষ সুবিধা পাবেন, বিষয়টি এমন নয়।
আমির খসরু আরও জানান, এ উদ্দেশ্যে গঠিত পর্যালোচনা কমিটিতে বেসরকারি খাতের প্রতিনিধিদেরও রাখা হয়েছে। ফলে আপিল নিষ্পত্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। সংসদ সদস্যদের অন্যান্য পর্যবেক্ষণ ও প্রস্তাব বিধিমালা প্রণয়নের সময় বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, সরকারি ক্রয়ে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া, দরপত্রে প্রতিযোগিতা বাড়ানো এবং ক্রয়চুক্তির প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত বিধান আরও বিস্তৃত করাই সংশোধনীর অন্যতম লক্ষ্য। পাশাপাশি উন্মুক্ত দরপত্র পদ্ধতিকে আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সংশোধনীতে পণ্য, কার্য ও ভৌত সেবার মূল্যায়নে ‘রেটেড ক্রাইটেরিয়া’ বা অনুপাতভিত্তিক মানদণ্ড চালুর প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে শুধু সর্বনিম্ন দর বিবেচনার পরিবর্তে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে দরপত্র মূল্যায়নের সুযোগ তৈরি হবে। এ পদ্ধতি আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।
এছাড়া সরকারি সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে সীমিত দরপত্র পদ্ধতির ব্যবহার, পেশাগত অসদাচরণসংক্রান্ত বিধান আরও স্পষ্ট করা এবং রাষ্ট্রের জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থা রাখার বিষয়গুলো সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, অধ্যাদেশ জারির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান। কার্যকর সংসদ থাকা অবস্থায় সংসদ সদস্যদের পাশ কাটিয়ে রাষ্ট্রপতি কেন অধ্যাদেশ জারি করেছিলেন, তা জানতে চান তিনি।
জবাবে অর্থমন্ত্রী বলেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সংবিধান অনুযায়ী অধ্যাদেশ জারির বিধান রয়েছে এবং বর্তমানে বিলটি সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই অনুমোদন পাচ্ছে।
উল্লেখ্য, সরকারি ক্রয়ের প্রধান আইনি ভিত্তি ‘সরকারি ক্রয় আইন, ২০০৬’। আইনটি এর আগে ছয়বার সংশোধন করা হয়েছে। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে এতে নতুন বিধান যুক্ত করা হয়।
সংশোধনীতে নতুন, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র, নারী এবং সুবিধাবঞ্চিত দরদাতাদের সরকারি ক্রয়ে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতি আধুনিকায়ন, সীমিত দরপত্রের প্রয়োগ সম্প্রসারণ এবং জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থার বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হয়। পরে ‘সরকারি ক্রয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া জনমত গ্রহণের জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।
গত ২ নভেম্বর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্তমান সরকারের ২৬তম মন্ত্রিসভা বৈঠকে বিলটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিংয়ের পর বিলটি সংসদে পাসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।

