নিজস্ব প্রতিবেদক : প্রান্তিক, নিম্ন আয়ের ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন আয়ের পেশাজীবী, শিক্ষার্থী ও প্রবাসীদের পরিবারের সদস্যরা ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে বার্ষিক সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ব্যক্তিগতভাবে ১০ লাখ এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি এ তহবিলের আওতায় ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো জামানত লাগবে না। ঋণ পরিশোধে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা ছাড়কাল থাকবে। অর্থাৎ ঋণ নেওয়ার পর প্রথম ছয় মাস কিস্তি পরিশোধ করতে হবে না। তবে ঋণখেলাপিরা এ সুবিধা পাবেন না।
তহবিলের মূল লক্ষ্য হলো, জামানত ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে যারা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার ঋণসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাঁদের অর্থায়নের আওতায় আনা। এ জন্য বিভিন্ন শ্রেণি-পেশার ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের মানুষের জন্য ঋণপ্রাপ্তির সুযোগ রাখা হয়েছে।
সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন রিকশা ও ভ্যানচালক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিক। এ ছাড়া মুদি দোকানি, ভ্রাম্যমাণ খাবার ও কাপড় বিক্রেতা, চা-পান বিক্রেতা, ফুল-ফল ও সবজি বিক্রেতা, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরাও ঋণ নিতে পারবেন।
ফ্রিল্যান্সিং, নার্সারি, কুটিরশিল্প ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত ক্ষুদ্র উদ্যোক্তাদেরও এ তহবিলের আওতায় আনা হয়েছে। পাশাপাশি মোবাইল ব্যাংকিং এজেন্টসহ বিভিন্ন উদ্ভাবনী ক্ষুদ্র কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তিরা ঋণ পাওয়ার ক্ষেত্রে বিবেচিত হবেন।
কৃষকদের মধ্যে স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে স্মার্ট কার্ড না থাকার কারণে প্রকৃত প্রান্তিক কৃষক যেন ঋণসুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্যও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, উপকূলীয় ও হাওর অঞ্চলের বাসিন্দা, প্রবাসী কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা এ ঋণের অগ্রাধিকারভিত্তিক সুবিধা পাবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষকেও এ কর্মসূচির আওতায় রাখা হয়েছে।
নারী উদ্যোক্তা ও ঋণগ্রহীতাদের জন্য তহবিলে আলাদা বরাদ্দ রয়েছে। মোট বিতরণ করা ঋণের অন্তত ২৫ শতাংশ নারী ঋণগ্রহীতা ও উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। এর মাধ্যমে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও স্বাবলম্বিতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার্থীদের জন্যও রয়েছে ঋণের সুযোগ। ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীরা বৃত্তিমূলক, কারিগরি এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য অর্থ নিতে পারবেন। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীরাও এ সুবিধার আওতায় থাকবেন। এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্য ঋণ নেওয়া যাবে। তবে এসব ক্ষেত্রে অভিভাবকের ঋণ পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে।
ঋণের পরিমাণের ক্ষেত্রে একক উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা পাবেন। অন্যদিকে দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করে যৌথভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নেওয়া যাবে। দলগত ঋণের ক্ষেত্রে প্রত্যেক সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে দায়বদ্ধ থাকবেন।
ঋণ পেতে আবেদনকারীর নামে ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ করা যাবে। নির্ধারিত চার্জের বাইরে প্রসেসিং ফি বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
এ কর্মসূচির ঋণ বিতরণ ও ব্যবহারের ওপর নজরদারি নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রতি তিন মাস অন্তর বাংলাদেশ ব্যাংকে তদারকি প্রতিবেদন জমা দিতে হবে।
গত ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো ওই নির্দেশনায় ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল পরিচালনা ও ঋণ বিতরণের নীতিমালা নির্ধারণ করা হয়েছে।

