মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর মিরপুরে যাত্রী নামানোর পরপরই রাজধানী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

- Advertisement -

সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে মিরপুর-১ নম্বরের টেকনিক্যালগামী সড়কে ফুটওভার ব্রিজ ও মসজিদ মার্কেটের সামনের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে ঘটনাস্থল থেকে পালানোর সময় দুজনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এদিকে মিরপুর-১ এলাকায় দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আল আমিন জানান, যাত্রী নামানোর জন্য বাসটি স্ট্যান্ডে থেমেছিল। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে বাসে ওঠা দুর্বৃত্তরা গানপাউডারজাতীয় কোনো পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও জানান, আগুন লাগার পর বাসের যাত্রী, চালক ও সহকারী দ্রুত নেমে আসতে সক্ষম হন। ফলে কেউ হতাহত হননি। তবে আগুনের তীব্রতায় বাসটি পুরোপুরি পুড়ে যায়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার দুজনের পরিচয় ও ঘটনার পেছনের কারণ জানতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ