সরকারের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা, সংসদে জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বাংলাদেশ সরকারের দেশি-বিদেশি মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ প্রায় ১০ লাখ ৩২৫ কোটি টাকা। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে সরকার ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

- Advertisement -

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে পৃথক দুই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সরকারের মোট ঋণের হিসাব অনুযায়ী অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ মিলিয়ে এ পরিমাণ দাঁড়িয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের নির্দিষ্টকরণ আইন অনুযায়ী সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের আসল এবং সুদ পরিশোধের জন্য মোট ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তবে অর্থবছর শেষে ঋণ পরিশোধের প্রকৃত পরিমাণে পরিবর্তন আসতে পারে বলেও উল্লেখ করেন তিনি। বিশেষ করে সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) ও জাতীয় সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির আগেই অর্থ উত্তোলন বা নগদায়নের পরিমাণ আগে থেকে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এসব খাতে অর্থ উত্তোলনের পরিমাণ বাড়া বা কমার ওপর নির্ভর করে চূড়ান্ত ঋণ পরিশোধের হিসাব পরিবর্তিত হতে পারে।

অন্যদিকে, বিগত সরকারের রেখে যাওয়া বৈদেশিক ঋণের বোঝা কমাতে বর্তমান সরকার কী ধরনের উদ্যোগ নিয়েছে, সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণ সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, বিদেশি ঋণে নতুন কোনো প্রকল্প গ্রহণের আগে প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণের শর্ত বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। অপ্রয়োজনীয় প্রকল্পের মাধ্যমে নতুন করে ঋণের বোঝা বাড়ানো থেকে বিরত থাকার নীতি অনুসরণ করছে সরকার।

এ ছাড়া বৈদেশিক ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো দেশের অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারের লক্ষ্য এবং সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিবেচনায় রাখা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, উচ্চ সুদ এবং স্বল্পমেয়াদি কঠিন শর্তযুক্ত বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে। ঋণের বোঝা নিয়ন্ত্রণে রেখে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকার মোট ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

সর্বশেষ