যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নযোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে অর্থায়ন সংকটে থাকা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও সংস্থাটির সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি হবে।

- Advertisement -

সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশকে অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় ডিএফসি।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পে সহায়তা করছে। এসব উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্রদের সক্ষমতা বৃদ্ধি ও এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায় ভূমিকা রাখছে।

ডিএফসির মতে, নতুন এই স্বীকৃতির ফলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি বিনিয়োগকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে অর্থায়ন ও বিনিয়োগের ঝুঁকি কমানোর বিভিন্ন সুবিধা পাওয়ায় দেশের বিনিয়োগ ঘাটতি মোকাবিলা এবং আটকে থাকা প্রকল্প বাস্তবায়নের পথ সহজ হবে।

সংস্থাটি আরও জানায়, অনেক সম্ভাবনাময় ও বাণিজ্যিকভাবে লাভজনক উন্নয়ন প্রকল্প অর্থায়নের অভাব এবং ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পাচ্ছে না। ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমনের সুবিধা এসব প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে। এর মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, মৌলিক সেবার পরিধি বাড়ানো এবং দেশীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের অর্থায়নযোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্তি দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে দেশের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের উন্নয়নেও সংস্থাটি ভূমিকা রাখতে পারবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এ ধরনের প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

অন্যদিকে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি এ ক্ষেত্রে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। এই লক্ষ্য অর্জনে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থানও এ অঞ্চলে। এ কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের ক্ষেত্রে ইন্দো-প্যাসিফিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে প্রবৃদ্ধি বাড়ানো এবং এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে ডিএফসি।

সর্বশেষ