ইসরায়েলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন ফিলিস্তিনপন্থি নেতা আহমাদ তিবি

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনিদের অধিকার আদায়ের পক্ষে দীর্ঘদিন ধরে সোচ্চার রাজনীতিক আহমাদ তিবি। আরব মুভমেন্ট ফর রিনিউয়াল (তা’আল) দলের এই নেতা দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ। চিকিৎসক হিসেবে পেশাজীবন শুরু করলেও পরবর্তী সময়ে রাজনীতিতে যুক্ত হয়ে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।

- Advertisement -

নির্বাচিত হওয়ার পর আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আহমাদ তিবি বলেন, তার এই বিজয় জয়েন্ট লিস্টের ন্যায্য অর্জন। আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর এই রাজনৈতিক জোট সাম্প্রতিক নির্বাচনে ১১টি আসন পেয়েছে। তিবির দাবি, লিকুদ পার্টি ও ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তার নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে বিভিন্ন উসকানি সত্ত্বেও তাদের সেই চেষ্টা সফল হয়নি।

চিকিৎসক থেকে ইয়াসির আরাফাতের উপদেষ্টা

১৯৫৮ সালের ১৯ ডিসেম্বর ইসরায়েলের তাইবে শহরে জন্মগ্রহণ করেন আহমাদ তিবি। ১৯৪৮ সালের নাকবার সময় জাফা থেকে বাস্তুচ্যুত একটি ফিলিস্তিনি পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী তিবি চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৮৩ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তবে চিকিৎসা পেশার পরিবর্তে রাজনীতির প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি। ১৯৮৪ সালে তিউনিসিয়ায় ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে সাক্ষাৎ করেন তিবি। সে সময় ইসরায়েলি আইনে পিএলওকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হতো। দেশে ফেরার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলেও তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

পরবর্তী সময়ে ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ইয়াসির আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আহমাদ তিবি। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ওয়াই রিভার সম্মেলনে ফিলিস্তিনি প্রতিনিধিদলের মুখপাত্র হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

ওই সম্মেলনে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছিল। বিনিময়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মতি দেয়। তবে পরবর্তী সময়ে অন্যান্য ইসরায়েল-ফিলিস্তিন সমঝোতার মতো এই চুক্তিও কার্যত অকার্যকর হয়ে পড়ে।

১৯৯৯ সালে প্রথমবার নেসেটের সদস্য

১৯৯৬ সালে নিজস্ব রাজনৈতিক দল তা’আল প্রতিষ্ঠা করেন আহমাদ তিবি। এর তিন বছর পর ১৯৯৯ সালে প্রথমবারের মতো ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য নির্বাচিত হন তিনি।

নিজেকে ‘ইসরায়েলি নাগরিকত্বধারী আরব ফিলিস্তিনি’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন তিবি। ফিলিস্তিন সমস্যার সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক ব্যবস্থার পক্ষে অবস্থান তার। পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার প্রতিষ্ঠার দাবিও জানিয়ে আসছেন তিনি।

ইসরায়েলকে কেবল ইহুদি রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করার বিরোধিতা করে দেশটির সব নাগরিকের সমান অধিকারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার পক্ষে কথা বলেন এই রাজনীতিক। তার এসব অবস্থানের কারণে ইসরায়েল সরকারের পাশাপাশি দেশটির উগ্র ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলোরও বিরোধিতার মুখে পড়তে হয়েছে তাকে।

রাজনৈতিক জীবনে সংঘাত ও বিতর্ক

দীর্ঘ রাজনৈতিক জীবনে বেশ কয়েকটি আলোচিত ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন আহমাদ তিবি। ২০০০ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় ইন্তিফাদার সময় তৎকালীন বিরোধীদলীয় নেতা এরিয়েল শ্যারন আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করলে তার মুখোমুখি হন তিবি। ওই ঘটনার সময় তার ডান হাত ভেঙে যায়। পরবর্তী বছর এরিয়েল শ্যারন ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

২০০২ সালে ইসরায়েলের সামরিক অভিযানের সময় জেনিন শরণার্থীশিবিরে গিয়ে সেনাদের মুখোমুখি হওয়ার পর নেসেট সদস্য হিসেবে তিবির পার্লামেন্টারি দায়মুক্তি প্রত্যাহার করে নেয় ইসরায়েল।

পার্লামেন্টে প্রতিবাদ জানানোর ব্যতিক্রমী পদ্ধতির জন্যও আলোচিত তিনি। ২০১৬ সালে জেরুজালেম ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মসজিদগুলোতে মাইকে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবিত একটি বিলের প্রতিবাদে নেসেটের অধিবেশনকক্ষে আজান দেন তিবি।

চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করে ফিলিস্তিনের রাজনৈতিক আন্দোলনে যুক্ত হওয়া আহমাদ তিবি কয়েক দশক ধরে ইসরায়েলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ফিলিস্তিনিদের অধিকার, শরণার্থীদের প্রত্যাবর্তন এবং সমান নাগরিক অধিকারের পক্ষে তার অবস্থান তাকে দেশটির রাজনীতিতে আলোচিত ও বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত করেছে।

সর্বশেষ