দুনিয়ার সাময়িক অর্জনের চেয়ে আখিরাতের কল্যাণকে জীবনের মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দলের প্রতিটি কর্মকাণ্ডে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধের প্রতিফলন ঘটানোর পাশাপাশি দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সাংগঠনিক দক্ষতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা অংশ নেন।
বৈঠকটি পরিচালনা করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। শুরুতে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমির। পাশাপাশি বিভিন্ন সময়ে দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ, জাতি ও সংগঠন বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এসব প্রতিকূলতা মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, একজন মুমিনের কাছে আখিরাতই হওয়া উচিত জীবনের প্রধান লক্ষ্য। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সাংগঠনিক কর্মকাণ্ড—সব ক্ষেত্রেই এ বিশ্বাসের প্রতিফলন থাকতে হবে। দায়িত্বশীলদের নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করার পাশাপাশি কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটছে, তা উদ্বেগজনক। এসব বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যও জাতিকে হতাশ করছে।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। কোনো ধরনের ফ্যাসিবাদী শক্তি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের জায়গা বাংলাদেশে থাকা উচিত নয়।
জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমির বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের শহীদ হওয়া এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন সময়ের দাবি।
সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের পক্ষে কথা বলবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় কার্যকর করার দাবিতে দলটির অবস্থান অটুট থাকবে বলেও জানান তিনি।
এ সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ধরনের কর্মকাণ্ড চলছে, তা জনগণের সামনে প্রকাশের দাবি জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও বিষয়গুলো নিয়ে জনগণের জানার অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, এসব বিষয়ে সংসদে ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। সেখানে যথাযথ জবাব পাওয়া না গেলে জনগণের কাছে বিষয়গুলো তুলে ধরা হবে। এ জন্য দলের দায়িত্বশীলদের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রস্তুতি নিতে হবে।
বৈঠকে জামায়াতে ইসলামীর ২০২৭ সালের বার্ষিক পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

