নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তাঁদের সবাইকে কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বদলির তথ্য জানা গেছে।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়। একের পর এক প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের বদলির মধ্যে এবার তিন থানার ওসিদেরও জেলার বাইরে পাঠানো হলো।
সম্প্রতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। দিনভর বিক্ষোভ মিছিলের পাশাপাশি বিএনপি নেতাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। এসব ঘটনার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়েছিল। এবার তিন থানার ওসিদের বদলির আদেশ এলো।

