নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমেই শক্তিশালী হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। অনুকূল আবহাওয়া পরিস্থিতি বজায় থাকলে সোমবার (১৬ নভেম্বর) রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
সোমবার আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হচ্ছে। সোমবার দুপুর ১২টায় নিম্নচাপটির অবস্থান ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
এ সময় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

