‘নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন’-বক্তব্যের পেছনের কারণ জানালেন স্পিকার

ভোলা প্রতিনিধি:
spot_img

ভোলা প্রতিনিধি: ‘সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন’—নিজের এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় এমন পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের ভালো মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি। এ পরিস্থিতির পরিবর্তনে নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি।

- Advertisement -

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের অভিজ্ঞতা থেকেই তিনি ওই মন্তব্য করেছিলেন। তাঁর ভাষ্য, অতীতে এমন রাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছিল, যেখানে সমাজের গ্রহণযোগ্য ও ভালো মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছিল। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের আমলে এ অবস্থার অবসান হবে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনব্যবস্থার সংস্কারে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। এখন নির্বাচনব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন। সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিরা যাতে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান, সে জন্য নির্বাচন কমিশনকে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে।

আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রত্যাশা

আগামী নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে বোঝা যায়, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্বপূর্ণ স্তর হিসেবে উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগের প্রধান ক্ষেত্র স্থানীয় সরকার। তাই এ পর্যায়ের নির্বাচন সুষ্ঠু হওয়া জরুরি।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি। তবে বর্তমান নির্বাচন কমিশনের ওপর তাঁর আস্থা রয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, ইতোমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে।

ভোলার গ্যাস স্থানীয় মানুষের ন্যায্য অধিকার

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোলার প্রাকৃতিক গ্যাসসম্পদ নিয়েও কথা বলেন স্পিকার। তিনি বলেন, দ্বীপজেলা ভোলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে বলে আশা করা হচ্ছে। এই গ্যাস কীভাবে কাজে লাগানো হবে, সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে সরকার বিদেশের সঙ্গে যোগাযোগ করছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর একটি ভোলার গ্যাসসম্পদ। এই সম্পদ যথাযথভাবে কাজে লাগানো গেলে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ভোলার গ্যাসের সুফল ভোলার মানুষকে দেওয়া তাদের ন্যায্য অধিকার বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর এবং ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ