অটোরিকশাচালক হাফিজুল হত্যা মামলা, দীপু মনিকে কারাগারে রাখার নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।

- Advertisement -

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দীপু মনিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রিদুয়ানুল হক।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন জানান, ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ মামলায় দীপু মনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। তবে সে সময় আইসিটি আদালতে মামলা থাকা এবং অন্য মামলায় রিমান্ড ও হাজিরার কারণে তাকে এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া সম্ভব হয়নি।

পরে চলতি বছরের অক্টোবর মাসে তদন্তকারী কর্মকর্তা ওই রিমান্ড কার্যকরের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ১৫ কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকরের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী, গত বুধবার দীপু মনিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। ওই দিন বিকেল ৩টার দিকে আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় হাফিজুলের বাবা আবু বক্কর শিকদার ২০২৪ সালের ২১ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত চলছে।

সর্বশেষ