গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

- Advertisement -

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় অবস্থিত কারখানাটির গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করেই গোডাউনে আগুন জ্বলে ওঠে। সেখানে বিপুল পরিমাণ কার্টন, সুতা ও অন্যান্য কাঁচামাল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের শিখার পাশাপাশি ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোডাউনের আশপাশের এলাকা।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় আশপাশের স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি আরও জানান, বর্তমানে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গোডাউনে বিপুল পরিমাণ খালি কার্টন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ