মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, নিহত ৩; আহত ১৬

নিজস্ব প্রতিবেদক :
spot_img

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পানিভর্তি খাদে পড়েছে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

- Advertisement -

শনিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার করা মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনায় আহত ১৬ জন হলেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তারা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন পার হয়ে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের মধ্যে ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকি পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে আরও তথ্য পাওয়া যেতে পারে।

সর্বশেষ