ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত ইরানি কুর্দি বিরোধী সশস্ত্র গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার রাতে চালানো এ হামলার তথ্য রোববার (২৫ অক্টোবর) প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পদাতিক বাহিনী এ অভিযান পরিচালনা করে। ইরাকি কুর্দিস্তানের বাফেলিসান এলাকায় অবস্থিত কোমালার প্রধান কার্যালয়কে হামলার লক্ষ্যবস্তু করা হয়। ইরান ওই গোষ্ঠীকে বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র সংগঠন হিসেবে বিবেচনা করে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে ইরাকের উত্তরাঞ্চলে আশ্রয় নেওয়া ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এসব সংগঠন ইরানের নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করে আসছে দেশটি।
ইরানের অভিযোগ, তাদের প্রতিপক্ষ ইসরাইল এসব সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা ও উসকানি দিচ্ছে। তবে সাম্প্রতিক হামলার বিষয়ে ইসরাইলের সংশ্লিষ্টতা কিংবা হামলার লক্ষ্যবস্তুতে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, সর্বশেষ ড্রোন হামলার বিষয়ে আইআরজিসির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে গত ১৭ জুলাই ইরাকের সুলাইমানিয়া শহরের কাছে কোমালা গোষ্ঠীর অবস্থানে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই হামলায় সংগঠনটির অন্তত নয়জন সদস্য নিহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরাকের উত্তরাঞ্চলে ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর উপস্থিতি এবং তাদের বিরুদ্ধে তেহরানের ধারাবাহিক সামরিক অভিযান দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সূত্র: আল-আরাবিয়া

