জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক ড. শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন। তবে এ পদে দায়িত্ব পালনের জন্য তাকে অন্য যেকোনো পেশা ও ব্যবসা থেকে সরে দাঁড়াতে হবে। একই সঙ্গে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্কও পরিত্যাগ করতে হবে।
সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি এ পদে থাকতে পারবেন। এ ক্ষেত্রে যে শর্তটি আগে পূরণ হবে, সে অনুযায়ী তার সদস্যপদের মেয়াদ শেষ হবে।
এর আগে ২০২৪ সালের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন অধ্যাপক শামীমা সুলতানা। সে সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ছিলেন।
পরে তার কার্যালয়ে বসে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার পেছনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলেও শেখ হাসিনার ছবি ছিল না। এ ঘটনা নিয়ে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়।
নতুন নিয়োগের মধ্য দিয়ে এবার সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

