নিজস্ব প্রতিবেদক: দেশে সুখে-শান্তিতে বসবাস নিশ্চিত করতে পুলিশের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের জীবনের নানা পর্যায়ে পুলিশের প্রয়োজন হয়। তাই আইন ও সংবিধান অনুযায়ী পুলিশকে দায়িত্ব পালন করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে পুলিশ সদস্যদের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা না করতেও সতর্ক করেছেন আইজিপি।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশের সদস্যদের কেউ অপরাধ করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের রয়েছে। এ ক্ষেত্রে ব্যবস্থা না নেওয়া হলে পুলিশকে জবাবদিহির মুখোমুখি করা যেতে পারে। তবে পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা উচিত নয়। একই সঙ্গে অন্যের ব্ল্যাকমেইলের শিকার না হওয়ার বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আমাদের সদস্যরা কেউ অপরাধ করলে আমরা যদি ব্যবস্থা না নিই, তখন আপনি বলতে পারেন যে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি। আপনারা পুলিশকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা করবেন না, নিজেরাও ব্ল্যাকমেইল হবেন না। আমরা শান্তি প্রতিষ্ঠা করি।”
আইনের সীমার মধ্যে থাকতে হবে সবাইকে
ব্যক্তিস্বাধীনতার প্রসঙ্গ তুলে আইজিপি বলেন, স্বাধীনতা থাকার অর্থ যা ইচ্ছা তা করার অধিকার নয়। প্রত্যেককে আইন মেনে চলতে হবে। দেশের নৈতিকতা ও মূল্যবোধ বজায় রেখেও নাগরিকদের দায়িত্বশীল আচরণ করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজে শান্তি বজায় রাখতে পুলিশকে আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। তবে পুলিশের কার্যক্রমের ওপরও ভারসাম্য ও নিয়ন্ত্রণব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।
রাজনৈতিক পরিস্থিতি নয়, আইন অনুযায়ী দায়িত্ব পালনের বার্তা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের বিষয়ে আলী হোসেন ফকির বলেন, কে আসবেন, কে কখন আসবেন কিংবা ভবিষ্যতে কী ঘটবে-এসব পুলিশের বিবেচ্য বিষয় নয়। পরিস্থিতি অনুযায়ী আইন ও সংবিধান যে দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে, পুলিশ তা পালন করবে।
তিনি বলেন, “কে আসবে, আপা কবে আসবে, কী হবে, সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয় না। আমাদের দায়িত্ব আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেটাই আমরা করব।”
আইজিপির বক্তব্যে একদিকে পুলিশের প্রয়োজনীয়তা ও আইনানুগ দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে পুলিশ সদস্যদের অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার কথাও উঠে এসেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, আইন মেনে চলা এবং দায়িত্ব পালনে জবাবদিহি-দুটিই শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ।

