ত্রিপক্ষীয় আলোচনা হলেও ইউক্রেনে সামরিক অভিযান চলবে: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করার কোনো সিদ্ধান্ত নেয়নি মস্কো। আলোচনা চলার পাশাপাশি ইউক্রেনে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাশিয়া।

- Advertisement -

সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ অবস্থানের কথা জানান। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পেসকভ বলেন, ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর সিদ্ধান্তকে রাশিয়ার সামরিক অভিযানের ওপর বিধিনিষেধ আরোপ হিসেবে দেখার সুযোগ নেই। রুশ সশস্ত্র বাহিনী তাদের তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ইউক্রেনের সামরিক অবকাঠামো এবং সামরিক ও সামরিক-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলাও অব্যাহত রয়েছে।

শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টায় ভূখণ্ডগত বিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে বলে জানান ক্রেমলিনের এই মুখপাত্র। তবে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও রাশিয়ার সামরিক অবস্থানে তাৎক্ষণিক পরিবর্তনের কোনো ইঙ্গিত দেননি তিনি।

আলোচনার সম্ভাব্য বিষয়বস্তু ও সমঝোতার বিস্তারিত তথ্য প্রকাশ না করার পক্ষেও অবস্থান নিয়েছে মস্কো। পেসকভের ভাষ্য, আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় থাকবে। সেগুলো আগেভাগে প্রকাশ্যে আনা হলে ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে যুদ্ধের মধ্যে মানবিক উদ্যোগগুলোর গুরুত্বও তুলে ধরেছেন পেসকভ। এসব উদ্যোগ ভবিষ্যতে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আলোচকদের পাশাপাশি দেশটির ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ইতিবাচক ও সমন্বয়মূলক ভূমিকার প্রশংসা করেন ক্রেমলিনের মুখপাত্র।

তিনি বলেন, রাশিয়া এসব প্রচেষ্টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। আলোচকদের সরাসরি অংশগ্রহণে যেসব সমঝোতা হবে, ইউক্রেন সেগুলো বাস্তবায়ন করবে বলেও প্রত্যাশা করছে মস্কো।

রাশিয়ার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখলেও সামরিক অভিযান অব্যাহত রাখার অবস্থান থেকে সরে আসেনি দেশটি। ফলে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হওয়ার উদ্যোগ যুদ্ধ বন্ধের ক্ষেত্রে কতটা অগ্রগতি আনতে পারে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান ও সমঝোতার ওপর।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ