তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ, আঘাতের চিহ্ন মেলেনি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর তুরাগ নদ থেকে উদ্ধার করা বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে নৌ-পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা জেলা নৌ-পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, বুধবার বিকেলে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে সাবেক এই বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নৌ-পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহের শরীরে বাইরে থেকে দেখা যায়, এমন কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি তদন্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের স্বজনেরা কী অভিযোগ করেন, তা বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নৌ-পুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের ঘটনায় মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে ময়নাতদন্ত প্রতিবেদনকে গুরুত্ব দিচ্ছে পুলিশ।

সর্বশেষ