তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য জানার পর এ বিষয়ে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন তিনি।

- Advertisement -

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমে তিনি ঘটনাটি সম্পর্কে জেনেছেন। বর্তমানে মরদেহের ময়নাতদন্ত চলছে। পাশাপাশি ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত করা হবে। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর সব তথ্য জেনে তিনি কথা বলবেন।

এদিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, শৃঙ্খলা বজায় রাখা, জনবল বাড়ানো এবং প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমে বাহিনীকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, পুলিশের জনবল সংকট দূর করতে সহকারী পুলিশ সুপার (এএসপি), উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম চলছে। অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার, তদন্ত এবং বিচারের আওতায় আনার ক্ষেত্রে পুলিশ কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে বলে স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাহিনীতে ভালো কাজের জন্য পুরস্কার এবং অনিয়মের জন্য শাস্তির ব্যবস্থা কার্যকর করা হয়েছে। কোনো পুলিশ সদস্য অপরাধে জড়ালে, বেআইনি কাজে যুক্ত হলে কিংবা শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রচলিত আইন সংশোধন ও নতুন আইন প্রণয়নের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম কিংবা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে আরও কাজ করতে হবে।

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাঁর কাছে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন অফিসের বরাতে তিনি প্রায় ৩০ শতাংশ ভোট পড়ার তথ্যও উল্লেখ করেন।

তিনি বলেন, দেশে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা এবং ভোটারদের স্বাধীনভাবে ও নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পাহাড়ি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এ অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ