আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আবেদন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও হট্টগোলের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা এবং সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিনের আদেশ চ্যালেঞ্জ করেছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে সোমবার (২ নভেম্বর) আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

- Advertisement -

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এ আবেদন জমা দেওয়া হয়। আবেদনটির ওপর বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দেন।

মামলার নথি অনুযায়ী, গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএসে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই দিনে তার জামিনের আবেদনও খারিজ করেন আদালত। পরে ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী তার জামিন আবেদন নাকচ করেন। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন সাবেক এই সংসদ সদস্য। শুনানি শেষে তাকে জামিন দেন উচ্চ আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর রাজধানীর বিমানবন্দরে বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে লাগেজ ট্রলির সংকট, ব্যাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি হট্টগোল ও হুমকি-ধমকিতে রূপ নেয়।

এ ঘটনায় বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল বিভাগের দ্বারস্থ হওয়ার মধ্য দিয়ে মামলাটি নতুন আইনি পর্যায়ে গড়াল। এখন চেম্বার জজ আদালতের শুনানির সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ