নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রসঙ্গ টেনে ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর স্ট্যাটাসে দেশ ছাড়ার ইঙ্গিত থাকলেও কোথায় যাচ্ছেন, তা স্পষ্ট করেননি তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’
পোস্টের সঙ্গে যুক্ত ছবিতে তাঁকে বিমানের ভেতরে বসে থাকতে দেখা যায়। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
তবে আসিফ মাহমুদসহ ছবিতে থাকা অন্য দুই নেতা কোন গন্তব্যে যাচ্ছেন, কিংবা তাঁদের সফরের উদ্দেশ্য কী, সে বিষয়ে ফেসবুক পোস্টে কোনো তথ্য দেননি। ফলে তাঁদের এই যাত্রা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গের সঙ্গে নিজের দেশ ছাড়ার কথা যুক্ত করে দেওয়া এই স্ট্যাটাসের রাজনৈতিক তাৎপর্য নিয়েও আলোচনা তৈরি হয়েছে। তবে পোস্টে তিনি সরাসরি কোনো ব্যাখ্যা না দেওয়ায় এর উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

