ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় (মামলা নম্বর-২৩) ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট মামলাটি দায়ের করা হয়েছিল।
এদিকে ডিবিসি নিউজের আরেক সাংবাদিক রাজিব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা তা নাকচ করেন। তিনি জানান, রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে আনা হয়নি।
তবে ডিবি সূত্রে জানা গেছে, মুচলেকা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ছাড়া পেতে পারেন রাজিব ঘোষ।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি টেলিভিশনের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

